মুন্সিগঞ্জে
দশম শ্রেণীর ছাত্রী জেসিকা মাহমুদ হত্যার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
গতকাল বেলা আড়াইটার দিকে শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) সরকারি বালিকা বিদ্যালয় থেকে ব্যানার ও ফেস্টুন হাতে
জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে সহপাঠীরা।
পরে কাচারি চত্বরে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এরপর মিছিল নিয়ে এসে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
বিক্ষোভে
অংশ নেয়া শিক্ষার্থী ও নিহতের স্বজনরা
বলেন, বাড়ি থেকে
ডেকে নিয়ে স্কুলছাত্রী জেসিকা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত বিজয় রহমান এখনো পলাতক।
তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে এমন দাবি করা হয়েছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক
বিচার না পেলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
এদিকে
বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানায় নিহতের বড় ভাই শাহরিয়ার জিদান বাদী হয়ে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো
কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
মামলায় মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক জেলা
পরিষদ সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফুর রহমানের ছেলে বিজয় রহমান (২২)
ও পঞ্চসার ইউনিয়ন
পরিষদের সদস্য জাহিদ হাসানের মেয়ে আদিবা আক্তারকে (১৯)
আসামি করা হয়।
পরে আদিবাকে গ্রেফতার করে পুলিশ।
এরপর রাতেই ম্যাজিস্ট্রেটের কাছে জেসিকা হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদিবা।
তবে এখনো পলাতক রয়েছে মামলার প্রধান আসামি মূল অভিযুক্ত বিজয় রহমান।
নিহত জেসিকা শহরের কোর্টগাঁও এলাকার সৌদিপ্রবাসী সেলিম মাহমুদের মেয়ে।
এ বছর স্থানীয়
আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার।










