ফেনী জেলার ছাগলনাইয়ার যশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশীকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু।

বিজিবি জানিয়েছে, ফেনীর ছাগলনাইয়ার যশপুর বিওপি এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ২১৯১ নম্বর পিলারের মটুয়া নামক স্থানে বৈরী আবহাওয়ার সুযোগে ১১ বাংলাদেশীকে পুশ-ইন করে বিএসএফ। পরে ৪ বিজিবির টহল দল তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে বিজিবিকে তারা জানান, বাসাবাড়িতে কাজ ও অন্য পেশার খোঁজে দালালের মাধ্যমে বেআইনিভাবে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ঘটনার পর স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।