কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে উপজলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৪ মার্চ) সকালে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি করে দেশি পিস্তল, দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন রোকনুজ্জামান রোকন ও কাঁকন হোসেন। সম্পর্কে তারা আপন ভাই এবং দুজনই উপজেলা বিএনপির সদস্য।

পুলিশ জানায়, গত শনিবার রাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমেদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ করা হয়। এই ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে যৌথ বাহিনী। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

তবে আটকের পর পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, দুজনেই ঐ হামলার ঘটনায় জড়িত ছিল। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।