পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ৪ দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩ জুন) সকালে আখাউড়া স্থলবন্দরের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানান, আগামী শুক্রবার (৬ জুন) থেকে সোমবার (৯ জুন) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বন্দরে সবরকম আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বন্দর কর্তৃপক্ষ আরো জানায়, আমদানি-রফতানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ঈদে আমদানি-রফতানি প্রক্রিয়া বন্ধ থাকলেও এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।