বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেয়া হবে না এবং জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
আজ বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে সেমিনারটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৭ বছরে হত্যা, গুম, নির্যাতন, পঙ্গুত্ব ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন অনেক মানুষ। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত, নিহত ও নির্যাতিতদের পাশে দাঁড়ানো সময়ের দাবি ছিল। তবে কিছু রাজনৈতিক দল এ দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছে। জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, অনেক রাজনৈতিক দল ক্ষমতা বা সুবিধাজনক অবস্থানে পৌঁছানোর পর জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভুলে যায়, যা রাজনীতির প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করে।
বিরোধীদলীয় নেতা বলেন, গণতন্ত্রে জনগণের বিচারবোধের ওপর আস্থা রাখতে হবে। জনগণকে অজ্ঞ বা অক্ষম মনে করার সুযোগ নেই। যারা জনগণের বিবেচনাবোধকে প্রশ্নবিদ্ধ করেন, তারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করেন না।










