লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলেরা মাছটি বিক্রির জন্য উপজেলার মতিরহাট মাছ ঘাটে নিয়ে যান। সেখানে মাছটি দেখতে উৎসুক জনতা ঘাটে ভিড় জমায়।
বিশালদেহী বৃত্তাকার মাছটি দৈর্ঘ্য ও প্রস্থে সাড়ে ৩০ ফুট আর লেজের দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। মাছটি জেলেদের কাছ থেকে সাড়ে ২৮ হাজার টাকায় কিনে নেন ছিদ্দিক ব্যাপারী নামের স্থানীয় এক মাছ ব্যবসায়ী। জোয়ারে বঙ্গোপসাগর থেকে মাছটি নদীতে ভেসে আসে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বিরল প্রজাতির এ সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে ‘হাউস মাছ’ বলা হয়। তবে এটি শাপলাপাতা মাছ নামেই বেশি পরিচিত বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে শাপলাপাতা মাছ ধরা পড়ে। পরে মাছটি সাড়ে ২৮ হাজার টাকায় কিনে নেন তিনি। এটি ঢাকায় পাঠিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সমুদ্রে মাছটি পাওয়া যায়। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের পাতা মাছ মাঝে মধ্যে মেঘনায় ধরা পড়ে। তবে এতো বড় হাউস মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি, এটিই প্রথম।’
তিনি আরো বলেন, বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।










