কোপা আমেরিকা জয়ের মিশন শেষ হয়ে গেল ব্রাজিলের। নয়বারের চ্যাম্পিয়নরা গতকাল নেভাদায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নেয় যুগ্মভাবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে লা সেলেস্তেরা। আগের দিন বুধবার সকালে প্রথম সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা।  

গতকাল উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোওয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে পায়নি ব্রাজিল। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় উরুগুয়ের বিপক্ষে খেলা হয়নি তার। স্ট্যান্ডে বসে দেখতে হয়েছে দলে হার। এছাড়া সেলেসাওরা আগে থেকেই পায়নি সুপারস্টার নেইমারকে, যিনি গত বছর অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে হাঁটুর লিগামেন্টের চোটে পড়েন। ওই ম্যাচে ব্রাজিল হেরেছিল ২-০ গোলে। ২০০১ সালের পর সেটাই ছিল ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের প্রথম জয়। এবার ব্রাজিল হারল টাইব্রেকারে। ১৯৯২ সালের পর এই প্রথম টানা দুই ম্যাচে ব্রাজিলকে হারাল লা সেলেস্তেরা। 

ভিনির জায়গায় শুরুর একাদশে খেলার সুযোগ পান ১৭ বছর বয়সী এনদ্রিক। যদিও ম্যাচে ব্যবধান গড়ার মতো কিছু করতে পারেননি শিগগিরই রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা এ ফরোওয়ার্ড। ৪১টি ফাউলের এই ম্যাচে দুই দল মিলে লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র চারটি! ব্রাজিলের ১৫টি ফাউলের বিপরীতে উরুগুয়ের খেলোয়াড়রা ফাউল করেন ২৬টি। ব্রাজিলের রদ্রিগোকে বিপজ্জনক ট্যাকেল করায় ৭৪ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের নাহিতান নান্দেজ। যদিও পরের ২১ মিনিট ১০ জন নিয়ে খেলা উরুগুয়ের বিপক্ষে সুবিধা আদায় করে নিতে ব্যর্থ দরিভাল জুনিয়রের ব্রাজিল। এরপর টাইব্রেকারে হেরে বিদায়।

টাইব্রেকারে মিলিতাওয়ের শট ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলকিপার সার্জিও রচেট, আর ডগলাস লুইসের শট লাগে পোস্টে। ফলে প্রথম তিন রাউন্ড শেষে ৩-১ গোলে এগিয়ে থাকে উরুগুয়ে। চতুর্থ রাউন্ডে হোসে মারিয়া হিমিনেজের শট ঠেকিয়ে ব্রাজিলকে ম্যাচে রাখেন অ্যালিসন বেকার। পরে মার্টিনেল্লি গোল করে ব্যবধান কমান (৩-২)। যদিও ম্যানুয়েল উগার্তে পঞ্চম শটে গোল করলেও সব আশা শেষ হয়ে যায় ব্রাজিলের (৪-২)।  

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এ হার থেকেও ইতিবাচক কিছু দেখছেন। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচেই ইতিবাচক কিছু ছিল। আমরা খুব উঁচু মানের ফুটবল খেলতে না পারলেও কোনোটিকেই আমি ফেলেও দিতে পারি না। নিবেদন ছিল, লড়াকু চেতনাও ছিল দলের মধ্যে। এটি সব সময়ই সাহসী একটি দল।’

ব্রাজিল তাদের নয়টি শিরোপার সর্বশেষটি জিতেছে ২০১৯ সালে। সেবার মারাকানা ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে সেলেসাওরা। ২০২১ সালের কোপায়ও আয়োজক ছিল ব্রাজিল। এবার তারা আর্জেন্টিনার কাছে ফাইনালে পরাজিত হয়।