অতিবৃষ্টির কারণে কালভার্ট ভেঙে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট থেকে অক্সিজেনগামী সড়কের একপাশ ধসে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে রুটটিতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এই রুটের যানবাহন বিকল্প সড়ক দিয়ে নগরীতে চলাচল করায় মুরাদপুর-অক্সিজেন রুটেও যানজটের সৃষ্টি হয়েছে।
অক্সিজেন এলাকায় কালভার্ট ভেঙে সড়ক ধসে যাওয়া প্রসঙ্গে বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, বুধবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হলে দিবাগত রাতে স্টারশিপ ব্রিজ নামক স্থানের সড়কটি ধসে গেছে। দুর্ঘটনা এড়াতে পুলিশের একটি টিম দায়িত্বরত রয়েছে সেখানে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সড়কটি সংস্কারের বিষয়ে যা যা করণীয় সেটি করবেন বলে ঘোষণা দেন তিনি।

১৯৮০ সালে শীতলঝর্ণা খালের ওপর কালভার্টটি নির্মাণের পর সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত করার কারণে ওই সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। চট্টগ্রাম সিটি করপোরেশন ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, সড়কটির নিচে বড় খাল থাকায় কয়েক জায়গায় ভেঙে বা ফাটল ধরে ধসে গিয়েছে। এক পাশের সড়ক ধসে যাওয়ায় পাশের অংশ নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে। এখন ভাঙা অংশে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।
তারা আরো জনান, চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা প্রায়ই দেখা গেলেও সড়কে এত বড় ফাটল ধরে ধসে যাওয়ার বিষয়টি প্রায় নতুন। মূলত খালের ওপরে সড়কটি অবস্থিত হওয়ায় নিচের মাটি সরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা।















