ঝালকাঠির নলছিটি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পদটি দীর্ঘ সাত মাস শূন্য রয়েছে। সর্বশেষ ২০২২ সালের ৩ জুলাই নলছিটি উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার অন্যত্র বদলি হওয়ার পর আর কেউ এ পদে যোগ দেননি। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন সেবাপ্রত্যাশীরা।

জানা যায়, ভূমি অফিসে নামজারি, খাজনা আদায়, ভিপি সম্পত্তির লিজ আদায়, কৃষিজমি বন্দোবস্ত ও খাসজমি বন্দোবস্ত কার্যক্রম চলমান। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। অনেক সময় এ ধরনের সেবা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হতে হয়।

সেবাপ্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘদিন ভূমি অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। সেবা নিতে আসা নলছিটি পৌর শহরের বাসিন্দা আমিন হোসেন বলেন, ‘আমি একটি নামজারির জন্য আবেদন করেছিলাম। কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। নিজের ব্যক্তিগত কাজ রেখে একাধিকবার ভূমি অফিসে আসা-যাওয়া করতে হয়েছে। অনলাইন সিস্টেমে নামজারি ২৮ দিনে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও আমারটি করতে ৫৫ দিন লেগেছে।’

জামুরা গ্রামের নাসির উদ্দিন বলেন, ‘আমি একটি কাগজে সই করানোর জন্য সহকারী কমিশনারের অপেক্ষায় আছি সাত মাস। এখনো এ পদে কাউকে পদায়ন করা হয়নি। তিনি ছাড়া জমি বন্দোবস্ত নেয়া যাচ্ছে না।’

উপজেলা ভূমি অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় কিছুটা হলেও কাজের গতি কমেছে। অনেক কাজ স্যার ছাড়া আমরা করতে পারি না। তাই দ্রুততম সময়ের মধ্যে শূন্যপদটি পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।’

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা নাহিদ বলেন, ‘আমি যোগদানের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি শিগগিরই সহকারী কমিশনার পদে নিয়োগ দেয়া হবে।’