বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় ভোলার মনপুরার গিয়াস উদ্দিন মাঝির ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরো এক জেলে। গতকাল ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামের গ্যাসফিল্ডসংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলের পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের জীবিত আট জেলে ও দুই জেলের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনপুরা থানার ওসি সাইদ আহমেদ ও ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করা অন্য ট্রলারের মাঝি মো. কামাল।

ট্রলার ডুবির ঘটনায় নিহত জেলেরা হলেন মো. রুবেল (২৭) ও মো. মাফু (২৮)। তাদের বাড়ি মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে। অন্য নিখোঁজ জেলে হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।

জানা যায়, গতকাল ভোর সাড়ে ৪টায় গিয়াস উদ্দিন মাঝির ট্রলারে থাকা জেলেরা চট্টগ্রামের গ্যাসফিল্ডসংলগ্ন সাগরে জাল পেতে মাছ শিকার করছিলেন। এ সময় একটি জাহাজ ট্রলারের পেছনে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলারে থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের আট জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ থাকেন তিনজন। পরে দুই জেলের মরদেহ পাওয়া যায়। কিন্তু সাগরে নিখোঁজ থাকা এক জেলেকে অনেক খোঁজার পরও সন্ধান না পাওয়ায় জীবিত আট জেলে ও দুই জেলের মরদেহ নিয়ে মনপুরার উদ্দেশে কামাল মাঝির ট্রলার রওনা দেয় বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, জেলে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয় ও এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জানান, নিহত জেলে পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে। এছাড়া নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।