জামালপুরে সেতু ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক খালে পড়েছে। গতকাল ভোরে জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সরিষাবাড়ী-মালিপাড়া-কাজিপুর-মুনসুরনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। তাদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মালিপাড়া এলাকার আকাশ, সুজন মিয়াসহ স্থানীয়রা জানান, জামালপুর থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকার ব্রাহ্মণজানি বাজারের সেতুর ওপর উঠলে সেটি ভেঙে খালে পড়ে যায়।

তারা আরো জানান, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ওই সেতু দিয়ে পাঁচ টনের বেশি মালামাল নিয়ে যানবাহন চলাচল নিষেধ ছিল। কিন্তু ট্রাকটিতে অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে সেতুটি ভেঙে পড়েছে। সেতুটি ভেঙে পড়ায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। এক বছর আগের বন্যায় প্রবল স্রোতের কারণে এখানকার একটি কালভার্ট ভেঙে যায়। পরে এখানে এ বেইলি সেতুটি স্থাপন করা হয়।

জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে সেতুটি ভেঙে পড়েছে। আমরা এরই মধ্যে সেতুটি মেরামতের জন্য লোক পাঠিয়েছি, যত দ্রুত সম্ভব এটা মেরামত করব।