চুয়াডাঙ্গার জীবননগরে তেলের পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে কাগজপত্র না থাকা ও অন্যান্য বিভিন্ন অপরাধে আরো পাঁচজনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। দণ্ডিত ২৭ বছর বয়সী সিফাত হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তাকে সাজার পাশাপাশি ৫০ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই আইনের আওতায় জীবননগরের সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী এবং হরিয়ান নগরের মোশারফ হোসেনকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জীবননগরের বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।