বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদে
ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা
৬টার দিকে রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ম্রো জনগোষ্ঠীর আদা কারবারি পাড়া এলাকায় এ
দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা গেছে,
বুধবার সকালে রেমাক্রীর উজান ছোট মদক এলাকার অংলে খুমি পাড়া হতে নয়জন যাত্রী নিয়ে
ইঞ্জিনচালিত নৌযানটি রেমাক্রী বাজারে যায়। বিকালে ফিরতি পথে সাঙ্গু নদের পানি হঠাৎ
বেড়ে যায়। এতে সৃষ্ট স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি পানিতে
তলিয়ে যায়। এসময় সাঁতার কেটে ছয়জন তীরে উঠলেও তিনজন নিখোঁজ হন। নিখোঁজদের একজন নারী।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ইউনিয়নের ৪নং
ওয়ার্ডের অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), লংরে খুমি (২১), চয়অং খুমী পাড়ার
বাসিন্দা সাই খুমি (৩০)।
ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় রাতে
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার কর্যক্রম শুরু করতে পারেনি বলে গতকাল
জানিয়েছেন ফায়ার সার্ভিস থানচি ইউনিটের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। তিনি বণিক বার্তাকে
বলেন, নৌকাডুবির খবর পেয়েছি। আমরা বৃহস্পতিবার সকালে এই উদ্ধার কর্যক্রম শুরু করব।
দুর্ঘটনার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে
জানতে রাত হয়ে যাওয়ায় ও ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু
করা যায়নি বলে তথ্য দেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরফাত।
উদ্ধার কার্যক্রম নিয়ে একই কথা বলেছেন
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. আবুল মনসুরও।










