নেত্রকোনার দুর্গাপুরে মাটি খুঁড়তে গিয়ে তেল পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর পৌর শহরের কাছারি মোড় এলাকায় বিদ্যুতের খুঁটি পোঁতার জন্য তৈরি গর্ত থেকে কালো ও খয়েরি রংয়ের জ্বালানি তেলের মতো দ্রব্য বের হতে থাকে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান জানান, দুর্গাপুর পৌর শহরের কাছারি মোড় এলাকায় এরই মধ্যে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। এসব কাজে বিদ্যুতের খুঁটি পোঁতাসহ পাইলিংয়ের জন্য গর্ত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার বিদ্যুতের খুঁটি পুঁততে যান মিস্ত্রী শফিকুল ইসলাম। এ সময় গর্ত করে পাঁচ ফুট গভীরে যেতেই ঘন-কালো খয়েরি রংয়ের ডিজেলের মতো তেল বের হতে থাকে।

এ সময় উৎসুক জনতার মধ্য থেকে কেউ কেউ পদার্থটি তুলে এনে আগুন জ্বালাতে গিয়ে বুঝতে পারেন এটা কোনো জ্বালানি পদার্থ। এ খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের লোকজন বালতি, মগ ও কলসি নিয়ে ওই তেল সংগ্রহ করতে থাকেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব-উল-আহসান। তিনি তৎক্ষণাৎ পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকদের খবর দেন। 

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি এখানে কোনো তেলের সন্ধান পাওয়া যায়, তবে এটা রাষ্ট্রীয় সম্পদ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।