ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দেশের আট বিভাগে সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এই ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৫ জন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৩৩ জন।
এবারও ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়।পরীক্ষা শুরুর পরপরই ক্যাম্পাসের বাণিজ্য অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হবে ৪৫ মিনিট। এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চ ইউনিট ছাড়া অন্য সব পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে চ ইউনিটে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।
এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪০ শিক্ষার্থী। যেখানে মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। এর মধ্যে ক ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১০ জন। এছাড়া খ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, গ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ঘ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং চ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।










