সড়ক দুর্ঘটনায় আট জেলায় ১০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় দুজন, হবিগঞ্জে দুজন এবং সিলেট, পাবনা, নড়াইল, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি ও ফরিদপুরে একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
গাইবান্ধা: সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সাঘাটা থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাক গাইবান্ধার দিকে আসছিল। অন্যদিকে ওই দুই যুবক মোটরসাইকেলে বাদিয়াখালীর দিকে যাচ্ছিল। পথে সদর উপজেলার নশরতপুরে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হবিগঞ্জ: নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আউশকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কিশোরগঞ্জের মিটামইন উপজেলার আব্দুল হাকিম (৩৮) ও মুলচান বিবি (৫০)। তারা দুজনই শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।
সিলেট: বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (২৭) হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামে।
পুলিশ জানায়, কনস্টেবল আবুল হোসেন ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষের আগে তিনি অসুস্থ হয়ে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সুস্থ হওয়ার পর গতকাল সকালে তিনি হাসপাতাল থেকে মোটরসাইকেলে জকিগঞ্জে বাড়ির উদ্দেশে রওনা দেন। গোলাপগঞ্জের হিলালপুরে পৌঁছলে বাসের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। এ সময় বাসটি আবুল হোসেনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আহত হন।
পাবনা: সাঁথিয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে থাকা আকসেদ মণ্ডল (৮৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল দুপুরে উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নড়াইল: জেলার নড়াগাতী থানার চাপাইলে চলন্ত ট্রলি থেকে পড়ে আকাশ শিকদার (১৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে চাপাইল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আকাশ কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে।
সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় ট্রাকচাপায় মনিজা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শ্যামলীপাডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক (ট্রাফিক) মনিরল ইসলাম জানান, শ্যামলীপাড়ায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ীগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মনিজা।
রাঙ্গামাটি: জেলার কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় মো. ওমর সালেহীন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই যুবক। উপজেলার ওয়াগগা ইউনিয়নের সাপছড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর সালেহীন রাঙ্গামাটি সরকারি কলেজের গণিত বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. আবু তাহের।
দুর্ঘটনায় আহত মুকুল তঞ্চঙ্গ্যা জানান, তারা অটোরিকশা করে রাঙ্গামাটির ঘাগড়াবাজার থেকে কাপ্তাইয়ের বরিছড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে সাপছড়িতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় গাড়ির ডান পাশে থাকা ওমর সালেহীন সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ফরিদপুর: ট্রাকচাপায় মমিন (২৫) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনের বাড়ি পাবনা জেলায়।
মমিনের সহকর্মীরা জানান, পাঠাও কুরিয়ারে ডেলিভারি দিয়ে মোটরসাইকেলে করে তারা একটি রেস্তোরাঁয় যাচ্ছিলেন। পথে মুজিব সড়কে ডিসি অফিসের সামনে একটি বালিবাহী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মমিন মারা যান।
কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মোমিন শহরের আলীপুরে একটি মেসে থাকতেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










