ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক
বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি
পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবে এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষার মধ্য দিয়েই শুরু হলো ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এবারের
ভর্তিযুদ্ধ। আগামীকাল শনিবার একই সময়ে ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর আগামী ১ ও ৯ মার্চ যথাক্রমে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য
(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র
বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘কলা, আইন, ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট
ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা
সামাজিক বিজ্ঞান ভবনের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, যথাযথ
নিয়মনীতি অনুসরণ করে ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। যে কোনো
প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার জন্য অভিভাবক, পরীক্ষার্থী
এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। সুষ্ঠুভাবে
ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট
পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের
প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।










