আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আপন দুই সহোদরসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ১০ জন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার জগদল গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল বিকালে ঘণ্টাব্যাপী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জগদল দমদমা পাড়ার মৃত সাবাজ উদ্দিনের ছেলে দুই সহোদর সবুর মোল্ল্যা (৫৫) ও কবির মোল্লা (৫০) এবং তাদের চাচাতো ভাই রহমান মোল্লা (৫০) ও লুত্ফর মোল্লার ছেলে ইমরান হোসেন (৪০)।

জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন নির্বাচনে বর্তমান সদস্য আওয়ামী লীগের নজরুল ইসলাম মোল্লা ও সদস্য প্রার্থী সৈয়দ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল বিকালে সংঘর্ষে সৈয়দ মোল্লার সমর্থক সবুর, কবির ও রহমান ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে নজরুল সমর্থক এমরান আহত অবস্থায় ফরিদপুর যাওয়ার পথে মারা যান।

এছাড়া মারাত্মক আহত অবস্থায় নবির, শফিকুল্লাহ ওলিয়ার, শুভ মোল্লাসহ ছয়জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা দাবি করেন, নৌকার মনোনয়নপ্রাপ্ত বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ও তার সমর্থক নজরুল মেম্বার গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে সবুর, কবির ও রহমানকে কুপিয়ে হত্যা করেছে।