লালমনিরহাটে চার জেএমবি সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও একই মামলায় তিনজনকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান। এ মামলার অন্য আসামির বয়স কম হওয়ায় শিশু আদালতে তার মামলাটি বিচারাধীন।

গতকাল দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান।

সন্ত্রাসবিরোধী আইনে ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ এলাকার লুত্ফর রহমানের ছেলে আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, একই এলাকার নজরুল ইসলামের ছেলে শফিক ইসলাম, মির্জারকোর্ট এলাকার মজিবর রহমানের ছেলে তফিজুল ইসলাম, সোহাগপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান ওরফে মোখলেছার রহমান।

এছাড়া একই মামলায় অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, শফিক ইসলাম ও মোখলেছুর রহমান ওরফে মোখলেছার রহমান।

আদালত সূত্র ও মামলার বিবরণে জানা গিয়েছে, ২০১৮ সালের ৮ আগস্ট রংপুর র্যাব-১৩-এর একটি দল লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার পোস্ট অফিসপাড়ার  এমএম প্লাজা মার্কেটের একটি ফার্নিচারের দোকান থেকে দুটি বিদেশী পিস্তল, দুটি শুটারগান, গুলি, বিভিন্ন নামে জিহাদি বই ও লিফলেটসহ আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, শফিক ইসলাম, মোখলেছুর রহমান ওরফে মোখলেছার রহমান, তফিজুল ইসলাম ও জাহিদ হোসেনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে রংপুর র্যাবে কর্মরত এসআই আসাদুজ্জামান বাদী হয়ে মামলাসহ পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।