বাগেরহাটের মোংলা বন্দরে পশুর নদীতে ডুবে গেছে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ। গতকাল ভোর ৬টার দিকে মোংলা ও পশু নদীর ত্রিমোহনাসংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে বসুন্ধরার ঘাটে যাওয়ার পথে যাত্রাবিরতিকালে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।
দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি মিজান-১-এর চালক মো. শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা ছিল। গতকাল ভোর ৬টার দিকে এমভিকে আলম গুলশান-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ নোঙর করে থাকা এমভি মিজান-১ জাহাজের ওপর উঠিয়ে দেয়। এ সময় কার্গো জাহাজের পাশ ও তলা ফেটে নদীতে ডুবে যায়। জাহাজে থাকা ১০ জন স্টাফই সাঁতরে তীরে উঠেছেন। ডুবে যাওয়া কার্গো জাহাজটিতে ৯১৪ টন ফ্লাইঅ্যাশ ছিল। ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে জাহাজটিতে ফ্লাইঅ্যাশ বোঝাই করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, কার্গো জাহাজ এমভি মিজান-১ অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় পশুর নদীতে ডুবে গেছে। তবে বন্দর চ্যানেল সুরক্ষিত রয়েছে। বন্দর চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক আছে।










