প্রথম ধাপে ৮ মে দিন ধার্য করে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা
করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ মার্চ) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রাজধানীর
আগারগাঁওয়ে কমিশনের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে
কমিশনের ২৯তম সভায় উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম
ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান
পদে নির্বাচন হবে। সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল
অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল।
বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে। ইভিএমে ভোট হবে
২২ উপজেলায়, বাকিগুলোয় ব্যবহার হবে ব্যালট পেপার।
১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট
হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ছয় ধাপে ও ২০১৯ সালে পাঁচ ধাপে উপজেলা পরিষদের
পঞ্চম ভোট হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯২টি।










