কুমিল্লা কারাগারে সন্তান জন্ম দিয়েছেন হত্যা মামলার আসামি। সোমবার দিবাগত রাতে এই হাজতি সন্তান জন্ম দেন। মা ও নবজাতক দু'জনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন। ওই হাজতির নাম স্মৃতি আক্তার। কুমিল্লা মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ বণিক বার্তাকে এ সব তথ্য দেন।

হাজতি স্মৃতি আক্তার কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট তিনি একটি হত্যা মামলার আসামি হয়ে কুমিল্লা কারাগারে আসেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ওই নারীর প্রসব ব্যথা উঠলে আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পরে চিকিৎসক জানান, তার সিজারিয়ান অপারেশন করতে হবে। আমরা তার পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাৎক্ষণিক অনুমতি দেই। দুপুরে তিনি কন্যাসন্তান প্রসব করেন। আমরা তার চিকিৎসা সেবা, খাবারের ব্যবস্থা ও শিশুর জন্য পোশাকসহ যাবতীয় সকল ব্যবস্থা করেছি।