নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) ও দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

স্বজনদের সূত্রে জানা গেছে, ওই পাঁচজন একটি পিকআপ ভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। তাদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাতে বলা হয়, কাতারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তার সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকও। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এ রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’