পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নৌকা প্রতীকের সমর্থক নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহসিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুজন হলো মো. ফারুক ও মো. জহির। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের পুলিশ নাজিরপুরের তাঁতেরকাঠি থেকে গ্রেফতার করে। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত মো. আমির হোসেন মৃধা (৭০) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

স্থানীয় সূত্র জানায়, গত ৮ জুলাই নৌকা প্রতীকের সমর্থকরা একটি মোটরসাইকেল বহর বের করে। বহরটি ইউনিয়নের তাঁতেরকাঠি এলাকায় গেলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এসএম মহসিনসহ তার সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চেয়ারম্যান প্রার্থী মহসিন, নৌকার সমর্থক আমির হোসেন মৃধা ও তার ছেলে  সোহেলসহ কমপক্ষে ১০ জন আহত হন।