পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সব সম্প্রদায়ের অধিকার রক্ষাসহ অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হলরুমে 'বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, আর ব্যবস্থাপনায় ছিল মোনঘর।
উপদেষ্টা বলেন, আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। আমরা পার্বত্য চট্টগ্রামের তিন জেলার কফি ও কাজুবাদাম ফলনকে ব্যাপকভাবে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে চাই। প্রয়োজনে সমতল থেকে এক্সপার্ট এনে কাজ করানো হবে।
সুপ্রদীপ চাকমা আরো বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের মাধ্যমে পার্বত্য এলাকার জনগণের যে ক্ষতি হয়েছে তা ভুলে গিয়ে কাপ্তাই লেককে কাজে লাগাতে হবে। এ সময় তিনি কাপ্তাই লেককে স্বর্ণের সঙ্গে তুলনা করে বলেন, কাপ্তাই লেককে ডেভেলপ করতে হবে। এখানকার মাছ আহরণ করে অর্থনৈতিকভাবে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ তত্ত্ববিদ প্রফেসর ড.সুকোমল বড়ুয়া। আরো ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এবং মং সার্কেল রাজা সাচিং প্রু চৌধুরী।
সেমিনারে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন শ্যামল মিত্র চাকমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট বোর্ডের ট্রাষ্টি রাজিব কান্তি বড়ুয়া।















