কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৪৮ মণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকার খবিরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে বিপুল পরিমাণ এ চাল জব্দ করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান-চাল কেনাবেচা করছেন। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় করে বিক্রি করতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় (সাদ্দাম মোড়) কামাত আঙ্গারীয়া এলাকার ব্যবসায়ী খবিরুলের গুদাম থেকে ১৪৮ মণ চাল জব্দ করা হয়।










