দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জামসহ আটজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে চুড়িপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাস করে কারাদণ্ড দেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, হিলির সীমান্তবর্তী চুড়িপট্টি এলাকায় মরিয়ম নামের এক নারীর বাড়িতে মাদকসেবীরা জড়ো হয়েছে বলে খবর পান তারা। এর ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। ওই বাড়ি থেকে ৩০টি নেশা করার এম্পুল ও ১০০টি ঘুমের ইঞ্জেকশনসহ আটজনকে আটক করা হয়। এরা প্রত্যেকেই মাদকসেবী বলেও জানান এ কর্মকর্তা। তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ কয়েকজন পালিয়ে যায়। 

ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের তিন মাস করে কারাদণ্ড দেন। পরে তাদের সবাইকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।