ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের
ওপর ককটেল হামলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ ৭৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক
আইনে মামলা দায়ের হয়েছে।
গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাতে পৌরসভার ৭
নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে নলছিটি থানায়
মামলাটি করেন।
মামলায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট
আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ ২৯ জনের নাম উল্লেখ করে আসামি
করা হয়েছে। বাকি ৫০ জন আসামি অজ্ঞাত।
অভিযোগে বলা হয়, শনিবার রাতে নলছিটি ফেরিঘাট
সংলগ্ন চর বহরমপুর এলাকার একটি মসজিদে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ‘গোপন বৈঠক’ করছিল।
খবর পেয়ে ৮ থেকে ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে গেলে তাদের মারধর করে বৈঠকে উপস্থিত
ব্যক্তিরা। এক পর্যায়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য
করে চারটি ককটেল নিক্ষেপ করে।
এতে মামলার বাদী জুয়েল খান আহত হয়। এ ঘটনায়
৯৯৯ ফোন করলে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশের উপস্থিতি
টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. আতাউর রহমান বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এখনো কাউকে গ্রেফতার
করা সম্ভব হয়নি।










