কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতাউর রহমান আতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলা ৩৩২/২২ দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩৫৩/৩৩২ ধারায় বিজ্ঞ আদালত তার অপরাধ আমলে নিয়ে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। তাই থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, আমি প্রজ্ঞাপনটি ফেসবুকের মাধ্যমে দেখেছি। এখনো অফিসিয়ালভাবে পাইনি। তবে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার বিষয়টি ঠিক আছে। এটা ২০২২ সালে তহসিলদারকে মারার কারণে আমার নামে মামলা করা হয়েছিল। 

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা বলেন, বরখাস্ত হওয়ার বিষয়টি শুনেছি। তবে অফিসিয়ালি ভাবে চিঠি পাইনি। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, আমরা এখনো প্রজ্ঞাপনটি পাইনি। পেলে এ বিষয়ে বলতে পারবো।