গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমারে পানি সমতলে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ মিটার। একই সময় তিস্তা নদীর পানি রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ২৯ দশমিক ৩১ মিটার।
রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, আগামী একদিন তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে। তিস্তা অববাহিকায় আগামী তিনদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।










