বান্দরবানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান
রাখায় ২৫ গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩’ দেয়া হয়েছে। জেলা শহরের
অরুণ সারকি টাউন হলে আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা
তুলে দেয় হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘গুণ প্রকাশ বা চর্চার ক্ষেত্র হলো শিল্পকলা একাডেমি।
কিন্তু ভালো সংগঠক না থাকায় প্রতিভা বিকাশের পরিসর খুবই সীমিত হয়ে পড়েছে। এ কারণে বান্দরবানে
শিল্পকলা একাডেমিরও ভবন গড়ে ওঠে নাই। এ বাস্তবতায় নতুন গুণীজন বিকশিত হচ্ছে না, সম্মাননা
দেয়ার সময় এলে গতানুগতিক তালিকা থেকে নির্বাচন করা হয়।’ এ পরিপ্রেক্ষিতে শিল্পকলা
আছে, শিল্পী নাই—এ
সীমাবদ্ধতা থেকে নিজেদের উত্তরণ ঘটানোর চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাচ্চুর সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংইয়ং ম্রো। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোজাফফর হোসেন প্রমুখ বক্তব্য দেন।










