লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) সকাল ১০টায় সদর উপজেলার জকসিন এলাকার পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছেড়া খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশের নের্তৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগল ছিড়া ও অবিরখিল খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা ১০টি দোকান ও ২টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়।

অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন সার্ভেয়ার কমেস্বর চাকমা, শাখায়েত হোসেন, পুলিশ সদস্য মো. মুজাহিদ হোসেন, মো. সারোয়ার হোসেনসহ আরও অনেকে।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশ জানান, অবৈধ স্থাপনার ফলে খালে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই খাল দখল মুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদীসহ তিনটি স্তরে অভিযান শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।