ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তানের হাইকমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, বুধবার ভোর ৪টা ৫৬ মিনিটে কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বালতি ও মগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।