সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫, খুলনা বিভাগে ২৩৫, রাজশাহী বিভাগে ২১৯, বরিশাল বিভাগে ২১৯, রংপুর বিভাগে ৬৫, ময়মনসিংহ বিভাগে ৬০ এবং সিলেট বিভাগে ২৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন।