যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং ১০০ আসনের সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। খবর রয়টার্স।

সাধারণত দেশটির প্রতিটি অঙ্গরাজ্য নিজস্ব নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের সময় নির্ধারণ করে। এরই মধ্যে ভারমন্ট, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট ও কেনটাকির কয়েকটি এলাকায় ভোটকেন্দ্র খুলেছে। শিগগিরই অন্য অঙ্গরাজ্যগুলোতেও ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এবারের নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ৫ কোটি ৭০ লাখের বেশি মার্কিন নাগরিক। জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও টেক্সাসের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে আগাম ভোটের হার তুলনামূলক বেশি। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।