রাকসু নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তা কিছুটা কেটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল চলতি মাসের ৩০ জুনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ বুধবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাকসু ট্রেজারারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিকাল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। তিনি বলেন, ‘রাকসু নির্বাচন কমিশন আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারবে বলে আমরা আশা করছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে, খুব শিগগিরই সুখবর দিতে পারব।’
রাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ না জানানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোস্তফা কামাল বলেন, ‘নিয়মিতভাবে নির্বাচন কমিশন বৈঠক করছে। আমরা এমনভাবে কাজ করছি যেন ঢাকা বা জাহাঙ্গীরনগরের অভিজ্ঞতা নয়, তারা ভবিষ্যতে আমাদের অভিজ্ঞতা গ্রহণ করতে পারে— এমন আত্মবিশ্বাস নিয়ে আমরা এগোচ্ছি।’
তিনি জানান, নির্বাচনের আগে যেসব প্রস্তুতি নিতে হয়, সেগুলো কমিশন এরই মধ্যে নেয়া শুরু করেছে। ঈদের আগেই কিছু কার্যক্রম শুরু হয়েছে। অংশীজনদের সঙ্গে বৈঠকের প্রক্রিয়া চলছে। প্রভোস্টদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
আগামী ২২ ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রসংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন গ্রুপসহ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়। এরপর থেকেই শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে জল্পনা চলছিল। তবে এবার কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে তফসিল ঘোষণার আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে।










