মুন্সিগঞ্জ সদরে চালককে জিম্মি করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ পুলিশের হাতে আটক হয়েছে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট ওরফে বাবু মিজি (৩৬)।

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সদর থানায় ছিনতাই চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের মুন্সীরহাট এলাকার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজে ঢালে চেকপোস্ট থেকে আটক হন তিনি। এ সময় তল্লাশি চালিয়ে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে একটি ধারালো অস্ত্র সহ ৪টি হাতবোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত বাবু মিজি, সদর উপজেলার টরকি এলাকার স্থানীয় বিএনপি নেতা মনির মিজির ছেলে ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরো জানায়, গভীর রাতে পাঁচঘড়িয়াকান্দি নতুন ব্রিজের ঢালে পুলিশের চেকপোস্টে তল্লাশি চলাকালে অভিযুক্ত বাবু মিজিসহ আরো দুই জন অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। তবে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় তার সঙ্গে থাকা বাকি দুইজন।

পরে বাবু মিজির শরীর তল্লাশি করে একটি ছোঁড়া, চারটি হাত বোমা, দুইটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকালে অভিযুক্ত যুবদল নেতাকে আদালতে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা অভিযুক্ত বাবু মিজির যুবদলের পদবী নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের অপরাধের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান রয়েছে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এমন কোনো কাজ করা যাবে না।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।