চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে আরো পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

চট্টগ্রাম: ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআইসহ দুজন নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ সদস্যসহ আরো দুজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম (৪০)। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া গ্রামের মোহাম্মদ লিয়াকত আলীর ছেলে। অন্যজন মানিকছড়ি ফকিরপাড়া এলাকার ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন কনস্টেবল আবদুল্লাহ আল নোমান ও মো. ইয়াসিন।

রাঙ্গামাটি: জেলার লংগদুতে ট্রাকচাপায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মাসুম (১৪) উপজেলার বাইট্টাপাড়া এলাকার মুদি দোকানি হান্নান মিয়ার ছেলে। সে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

সিলেট: বিয়ানীবাজারে গাড়িচাপায় জিয়াছমিন আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াছমিন উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের মেয়ে।

গাজীপুর: টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃত্তিবাস দাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃত্তিবাস দাস গোপালগঞ্জের কোটালীপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণকান্ত দাসের ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন এবং ঢাকার মোহাম্মদপুরে পরিবার নিয়ে বসবাস করতেন।

নারায়ণগঞ্জ: ফতুল্লায় মোটরসাইকেলের ধাক্কায় জোহরা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহরা বেগম রংপুরের মিঠাপুকুর থানার নান্নুর স্ত্রী। আহত মোটরসাইকেল চালক জোনায়েদ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার।

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চাকসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল পারভেজ (১৬) উপজেলার কয়রা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মামুন সরকারের ছেলে এবং কয়রা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করেছে।

উল্লাপাড়া থানার এসআই সারোয়ার হোসেন জানান, দুই শিক্ষার্থী মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।