নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে এক পক্ষ ওই জমি দখলে নিতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।










