ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলনাইনের ফিশ প্লেট খুলে নেয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। গতকাল সকালে গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া থেকে তাকে আটক করা হয়। ওই যুবকের বাড়ি সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামে।

স্থানীয় বাসিন্দারা জানান, আশিকুর রহমান বাসুটিয়া এলাকা থেকে রেললাইনের ফিশ প্লেট খুলে নিয়ে যাওয়ার সময় রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের চোখে পড়ে। এ সময় আনসার সদস্যদের দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে আনসার সদস্যরা তাকে আটক করে গফরগাঁও জিআরপি পুলিশে খবর দেয়। আশিকের কাছ থেকে পাঁচটি পিন উদ্ধার করা হয়।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন জানান, রেললাইন থেকে ফিশ প্লেট ও নাট খুলে নেয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। আনসার সদস্যদের সহযোগিতায় ওই যুবককে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করা হবে।