নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০)
নামে এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান
মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার
রায়পুরা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রায়পুরায় বিভিন্ন
স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাংচুর লুটপাট, অগ্নিসংযোগ করছে একটি সন্ত্রাসী গ্রুপ।
এ সংক্রান্ত একটি খবর প্রকাশ এবং এলাকায় আধিপত্য নিয়ে সৃষ্ট বিবাদের জেরে মঙ্গলবার
দুপুরে আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুলসহ ১০ জনের একটি দল ওই সাংবাদিকের ওপর
হামলা করে। অভিযুক্ত রুবেল ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান
আসামি।
হামলার সময় আত্মরক্ষার জন্য পাশের একটি দোকানে
আশ্রয় নেয়ার চেষ্টা করলে সেখান থেকে বের করে তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং তাকে গুলি
করা হয়। পরে আশপাশের লোকজন চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত সাংবাদিক মনিরুজ্জামানকে
উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়।
পুলিশি তৎপরতা শুরু না হওয়ায় পুলিশ আহত মনিরুজ্জামানকে
সাহায্য করেছে। সেনাবাহিনী তাকে দেখতে হাসপাতাল পরিদর্শন করেছে এবং রায়পুরা শহরে নিরাপত্তা
জোরদার করেছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক
কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, মনিরের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়
হাতুড়ির আঘাতে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে তাকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










