দেশে জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি তেল কিনতে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনার কথা জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতকে জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্র একটা স্যাংশন ওয়েভার দিয়েছে। ঈদের আগের (২০ মার্চ) দিন রাতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে এক বৈঠক করেছি। ওই বৈঠকে ভারতের মতো বাংলাদেশ যাতে স্যাংশন ওয়েভার পায়, সেই বিষয় তুলে ধরা হয়।

তিনি আরো জানান, ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, রাশিয়া থেকে দুই মাসের অথবা অন্তত ৬ লাখ টনের ডিজেল আমদানির অনুমতি (স্যাংশন ওয়েভার) দেয়া হয়। তারা (যুক্তরাষ্ট্র) আমাদেরকে একটা চিঠি দিতে বলেছিল, আমরা চিঠি দিয়েছি। এখন অনুমতির অপেক্ষায় রয়েছি।

যুগ্মসচিব আরো বলেন, আজকের দিনে ডিজেলের যে মজুদ আছে তা হলো ১ লাখ ৩৩ হাজার টন। ৩০ মার্চ ও ৩ এপ্রিল ৫৪ হাজার ৬০০ টন তেল আসবে। মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে ১ লাখ ৫৪ হাজার টন তেল আসবে এপ্রিলে। আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই; তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি কৃষিখাতকে অগ্রাধিকার দিতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওর মাধ্যমে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেল পায় সে চেষ্টা করছি।