বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয়েছে।
এ কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ আদেশ গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে তিন মাস সময় দেয়া হয়। পরে সেই সময় দুই দফায় তিন মাস করে এবং পরে আরো দুই মাস বাড়ানো হয়।
সবশেষ বর্ধিত সময়সীমা গত ৩০ নভেম্বর শেষ হয়েছে। সেই ধারাবাহিকতায় গত রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন।










