লক্ষ্মীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা লড়াই করেছেন, সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। সেই সরকারের প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দেবেন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌরশহরের বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গণে পৌর বিএনপির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এ্যানি এ কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এখন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। তিনি যে বক্তব্য দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, তা শুনে সাধারণ মানুষের তার প্রতি এমনভাবে আস্থা ও বিশ্বাস এমনভাবে বেড়ে চলেছে যে, বাংলাদেশে এখন একটি নতুন নেতৃত্ব দরকার। আর তা হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব।
বিএনপির এ নেতা বলেন, জনগণের কাছে তিনি আস্থা ও বিশ্বাস তৈরি করেছেন। তাই তার অপেক্ষায় রয়েছি। তিনি দেশে ফিরবেন, সুন্দর নির্বাচন হবে ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, দলের সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে।










