চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য (সাময়িকভাবে) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম মহিলা ভিসি ড. শিরীণ আখতারের স্থলাভিষিক্ত হবেন তিনি। ড. শিরীণ আখতার ২০১৯ সালের ৩ নভেম্বর ভিসি পদে যোগদান করেছিলেন।
গতকাল শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১২ (২) ধারা অনুযায়ী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো আবু তাহেরকে ভাইস চ্যান্সেলর পদে সাময়িকভাবে নিম্নোক্ত শর্তে দায়িত্ব প্রদান করা হলো।










