দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
রাজবাড়ী: জেলার পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা ফ্লিলিং স্টেশনের পাশে পশ্চিম কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মিরাজ ও একই গ্রামের সাঈদুল ইসলামের ছেলে সজীব।
রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান মুরাদ জানান, ট্রাকটি আটকের চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইমন (২০) ও একই গ্রামের মাকরুল মোল্লার ছেলে আব্দুর রহমান (২৩)।
আশুগঞ্জ থানার ওসি শফিকুল আলম চৌধুরী জানান, দুই মোটরসাইকেল আরোহী রাতে মহাসড়কের সরাইলের বিশ্বরোড থেকে ভৈরবে যাচ্ছিলেন। আশুগঞ্জ উপজেলার সোনারপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনা: লরিচাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রেন্টিতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মুরশেদ আলমের স্ত্রী।










