নেত্রকোনায় ১ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৩০০ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে জেলার ৩১ বিজিবি’র উদ্যোগে পারলা ক্যাম্পের এমটি পার্কে এসব মাদক ধ্বংস করা হয়।
এ সময় মাদকের ভয়াবহতা ও এর কুফল তুলে ধরে ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ২০১৭ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মে পর্যন্ত ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। এসব মাদকের মধ্যে রয়েছে ৯ হাজার ২৯৭ টি ভারতীয় বিভিন্ন প্রকার মদের বোতল, ৪০৩ পিস ইয়াবা, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৩০০ টাকা।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. ফারুক আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।










