ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুটের ক্যান্টিন মাসিক এক হাজার টাকায় ভাড়া দেয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ রিপোর্ট এক মাসের মধ্যে দায়িত্বরত সচিবকে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে আইনজীবী তানভীর আহমেদ বণিক বার্তাকে বলেন, মেট্রোরেলের উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুটের ক্যান্টিনটি মাসিক এক হাজার টাকায় ভাড়ায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছে।  এতো অল্প টাকায় ভাড়া দেয়ার বিষয়টি অস্বাভাবিক। এটি দেখার পর দায়িত্বরত কর্মকর্তাদের লিগ্যাল নোটিশ পাঠাই। তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। যার জন্য আদালতে একটি রিট দাখিল করেছি। এটির শুনানি আজ হয়েছে।