বান্দরবান জেলার পাহাড়ের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যসহ অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য স্পট। একইসঙ্গে এ জেলাতেই রয়েছে ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর স্বাতন্ত্রিক জীবন ধারা, প্রথা, কৃষ্টি ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির সহাবস্থান। চলতি মৌসুমে প্রতি বছর এ জেলায় বেড়াতে আসেন কয়েক লাখ পর্যটক। বেড়াতে আসা পর্যটকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে বান্দরবান-থানচি সড়কে সেনাবাহিনী পরিচালিত নীলগিরি পর্যটন স্পটে আজ শুক্রবার সকালে শোভাযাত্রা ও পাঠচক্রের আয়োজন করে গোপালগঞ্জের সামাজিক-মানবিক সংগঠন ‘জ্ঞানের আলো পাঠাগার।’

 

পাঠাগারের ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দলের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে সদস্যরা পাঠচক্রে অংশ নেন। এ সময় নীলগিরির সংশ্লিষ্টরাসহ ঘুরতে আসা পর্যটকরা ব্যতিক্রমী এ আয়োজনের জন্য পাঠাগারের সদস্যদের সাধুবাদ জানান।

 

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ‘‌নুষ বই পড়েই নিজেকে জানতে ও জীবনকে আলোকিত করতে পারে। একটি ভালো বই মানুষকে বদলে দিতে পারে। সে লক্ষ্যে আমরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে বান্দরবানের নীলগিরি পর্যটন স্পটে এসে পর্যটকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে শোভাযাত্রা ও পাঠচক্রের আয়োজনসহ বেড়াতে আসা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছি। এ পাঠাগারের সদস্যরা শিক্ষা, যুব উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কাজ করে থাকে।’

 

এছাড়া করোনা মহামারীর সময় সামাজিক এ সংগঠনটি অসহায়, দুস্থ ও অসুস্থ বহু মানুষকে খাদ্য, চিকিৎসা সহায়তা করেছে বলেও জানান তিনি।