বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ওপর আস্থা রেখে নির্বাচন করাই সবচেয়ে উত্তম পথ। খুঁটিনাটি বিষয় নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা চলছে, সে পথে জনগণ যাবে না। জনগণ যাবে গণতন্ত্রের পথেই। তারা চায় একটি সুষ্ঠু নির্বাচন এবং সেই পথেই দেশ এগিয়ে চলেছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) নগরীর ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের সল্ট গোলা ক্রসিং থেকে শুরু করে বাকের আলী ফকির টেকসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, প্রত্যেক নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটে থাকে। তার অর্থ এ নয় যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সারা বিশ্বেই বিভিন্ন নির্বাচনে এমন ঘটনা ঘটে। বাংলাদেশেও তা ঘটেছে। এসব ঘটনা দেখিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা মূলত তারাই করে, যারা নির্বাচন চায় না। জনগণের সমর্থনেই এ নির্বাচন হচ্ছে। এ নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি আরো বলেন, এ নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের মালিকানা ফিরে পেতে চায়। তারা নির্বাচিত সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহির মধ্যে থাকবে। জনগণ সে অপেক্ষাতেই রয়েছে। যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইবে, তারাই শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হবে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না।
গণসংযোগকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।















